প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
সশস্ত্র বাহিনীসহ ১৬ নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠকে ইসি
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬টি নিরাপত্তা সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলির সমন্বয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভাটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইসির উপ-সচিব মো. মনির হোসেন এই সভার বিজ্ঞপ্তি জারি করেছিলেন। জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সমন্বয় সভায় অংশ নিয়েছেন- সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
এ ছাড়া আরও উপস্থিত রয়েছেন- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা।
নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে প্রস্তাবিত গণভোটকে কেন্দ্র করে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা এবং সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করাই এই সভার প্রধান উদ্দেশ্য। বৈঠকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
Copyright © 2026 All rights reserved.